📅 বুধবার, 11 নভেম্বর, 2026 ময়মনসিংহের তথ্যকোষ
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

আবুল মনসুর আহমদ (1898-1979): জীবন, রাজনীতি ও সাহিত্য

আবুল মনসুর আহমদ (1898-1979)  হলেন একাধারে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। তাঁর জন্ম হয় 1898 সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে। তার পিতার নাম আবদুর রহিম ফরায়জী এবং মাতার নাম মীর জাহান বেগম। তিনি 1917 সালে নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক, 1919 সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে আই.এ এবং 1921 সালে ঢাকা কলেজ থেকে বি.এ পাস করেন। তারপর তিনি 1926 থেকে 1929 সাল পর্যন্ত কলকাতা রিপন ল’ কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং বি.এল পাস করেন। এ বছরেই তিনি ময়মনসিংহে আইনব্যবসা শুরু করেন এবং সেখানেই তিনি 1938 সাল পর্যন্ত তাঁর পেশায় নিয়োজিত থাকেন।

আবুল মনসুর আহমদ ছিলেন একজন পেশাদার সাংবাদিক

তিনি যে সকল সাময়িক পত্রিকায় কাজ করেছিলেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো  সুলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ। তিনি সাপ্তাহিক সোলতান ও মোহাম্মদীর সহকারী সম্পাদক ছিলেন (1923-1926)। এছাড়া তিনি দি মুসলমান পত্রিকায় সাংবাদিকতা করেন 1926 থেকে 1929 সাল পর্যন্ত। আবুল মনসুর 1938 সালের ডিসেম্বর মাসে দৈনিক কৃষক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তিনি 1941 সালের অক্টোবর মাসে নবযুগ পত্রিকার সম্পাদনা বিভাগে চাকরি লাভ করেন। এ ছাড়া তিনি 1946 থেকে 1948 সাল পর্যন্ত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক এর দায়িত্ব পালন করেন।

রাজনীতিতেও ছিল আবুল মনসুর আহমদ এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে শুরু হলেও তিনি এ আন্দোলনের বাস্তবতা সম্পর্কে বেশ সন্দিহান ছিলেন।

বিজ্ঞাপন

একটি অভারতীয় বিষয়কে কেন্দ্র করে সর্বভারতীয় পর্যায়ে আন্দোলন এবং সে আন্দোলনে গান্ধীর অসহযোগ-এর ডাক ও স্বরাজ আদায়ের লক্ষ্য সম্পর্কে আবুল মনসুর আহমদ তেমন একটা খুশি ছিলেন না। তিনি গান্ধীর এ পদক্ষেপকে অবাস্তব মনে করেছেন।

যদিও তিনি কংগ্রেস দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু তিনি ছিলেন কেন্দ্রীয় কংগ্রেস নীতির বিরুদ্ধে। তিনি চিত্তরঞ্জন দাস (1870-1925) স্বরাজ্য পার্টির রাজনীতি সমর্থন করেন এবং 1923 সালের বেঙ্গল প্যাক্ট  এর মাধ্যমে হিন্দু-মুসলমান সম্প্রীতির যে প্রচেষ্টা চলে সে ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। এর পর 1929 সালে আবুল মনসুর বাংলার প্রজা পার্টিতে যোগদান করেন এবং ময়মনসিংহ জেলায় দক্ষতার সঙ্গে কৃষক প্রজা সমিতি সংগঠনের কাজ করেন। একই সময়ে তিনি ছিলেন ময়মনসিংহ জেলা কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট।

[caption id="attachment_2432" align="alignnone" width="200"]আবুল মনসুর আহমদ সোর্স : উইকিপিডিয়া[/caption]

আবুল মনসুর বামপন্থি কংগ্রেস সমর্থিত ‘কিষাণ সভা’ ও ‘কিষাণ সমিতি’র কার্যক্রমের সমালোচনা করেছিলেন। 1937 সালে নির্বাচনে  কৃষক প্রজা পার্টি যথেষ্ট ভালো ফল করেছিল এবং এ পার্টির নেতা একে ফজলুল হক আশা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস (1873-1962) বাংলায় একটি কোয়ালিশন সরকার গঠনে সমর্থন পাওয়া যাবে। কিন্তু এই কংগ্রেস কৃষক প্রজা দলের সঙ্গে কোয়ালিশন সরকার গঠনে রাজি হয়নি। তখন ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করতে বাধ্য হয়েছিলেন। কংগ্রেসের এ মনোভাবকে অনেকেই ভালোভাবে নিতে পারেনি। এ ঘটনার ফলে আবুল মনসুর আহমদ কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন এবং মুসলিম লীগের রাজনীতির প্রতি ঝুঁকে পড়েন।

1940 সালের মার্চ মাসে লাহোরে ভারতের মুসলমানদের জন্য পৃথক আবাস ভূমির দাবি করা হয়। আবুল মনসুর আহমদ এ দাবি যুক্তিসঙ্গত মনে করেন। 1944 সালে তিনি ইস্ট পাকিস্তান রেনেসাঁ সোসাইটির সম্মেলনে বলেন যে,  সাংস্কৃতিক স্বতন্ত্রতার কারণে পাকিস্তান সৃষ্টি হওয়ার প্রয়োজন যুক্তিসঙ্গত। তিনি ভারতে দু’অঞ্চলে দুইটি মুসলিম প্রধান অঞ্চল নিয়ে দুইটি পৃথক স্বায়ত্তশাসিত রাষ্ট্রের সৃষ্টির দাবি সমর্থন করেন। পরবর্তী সময়ে তিনি বাঙালি সংস্কৃতির স্বতন্ত্রতার বিষয়টির উপর জোর দেন।

1946-47 সালে  হোসেন শহীদ সোহরাওয়ার্দীর  সাথে একযোগে ‘স্বাধীন যুক্ত বাংলা’ সৃষ্টির দাবি তোলেন। সে দাবি বাস্তবতা লাভ করেনি এবং 1947 সালে বাংলা প্রদেশও বিভক্ত হয়ে যায়। তখন তিনি কলকাতাকে পূর্ব বাংলায় অন্তর্ভুক্ত করার দাবি করেন। কিন্তু সে দাবিও উপেক্ষিত হয়।

1949 সালে আবুল মনসুর আহমদ আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি 1953 সাল থেকে 1958 সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি যুক্তফ্রন্ট এর নির্বাচনী কর্মসূচি 21-দফার অন্যতম প্রণেতা ছিলেন। তিনি 1954 সালে যুক্তফ্রন্টের মনোনয়নে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর 1954 সালে তিনি ফজলুল হক মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী নিযুক্ত হন।

আবুল মনসুর আহমদ 1955 সালে আওয়ামী লীগের মনোনয়নে পূর্ববঙ্গ পরিষদের সদস্যদের ভোটে পাকিস্তান গণপরিষদ এর সদস্য নির্বাচিত হন। তিনি 1956 সালে পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী এবং 1956-57 সালে বণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1958 সালে আইয়ুব খান কর্তৃক সামরিক শাসন জারি হওয়ার পর তিনি কারারুদ্ধ হন এবং 1962 সালে মুক্তি পান। এরপর তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত। তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে: আয়না (1936-1937) ও ফুড কনফারেন্স (1944)। তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে,

  • সত্যমিথ্যা (1953),
  • জীবন ক্ষুধা (1955) ও
  • আবে-হায়াৎ (1964)
  • আর স্মৃতিকথা,
  • আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (1969),
  • শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (1972)
  • এবং তাঁর আত্মচরিত হল  আত্মকথা (1978)।

সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার (1960), স্বাধীনতা দিবস পদক (1979) ও নাসিরউদ্দিন স্বর্ণপদকে ভূষিত করা হয়।

1979 সালের 18 মার্চ আবুল মনসুর আহমদের মৃত্যু হয়।

T

লেখক

Tutul Debnath

mymensingh.info-র নিয়মিত লেখক। ময়মনসিংহের ইতিহাস, শিক্ষাপ্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান নিয়ে তাঁর লেখা এই সাইটে প্রকাশিত হয়েছে।